ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই গণঅভ্যুত্থান) থানা থেকে লুট হওয়া একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১টি টাইপ ৫৪ (৭.৬২) পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি সিসি ক্যামেরা, ২টি গুলতি, ১টি হ্যান্ডমাইক।
র্যাব-১১, সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠেরপুল এলাকার ওই নির্মাণাধীন ভবনে ছিনতাই ও মাদকের আস্তানায় অভিযান চালায় র্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যায়। পরে ভবনে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

