বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চিটাগংরোডে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ১৯ আগস্ট ২০২৬

চিটাগংরোডে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগংরোড এলাকায় মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুটি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার বটতলা, আমিন মার্কেট ও চিটাগংরোড এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

তদারকিকালে মেসার্স কল্যাণ মেডিক্যাল স্টোরে মেয়াদোত্তীর্ণ Met 500, Adelax ও Pegalin, সঠিক ঠিকানা উল্লেখ না থাকা টেস্টি স্যালাইন, অনুমোদনহীন শক্তিবর্ধক ওষুধ এবং অনিবন্ধিত ওষুধ বিক্রির জন্য রাখা অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকার জেবা মেডিসিন কর্নার নামের অপর একটি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন পেনসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঔষধ বিক্রেতাদের মেয়াদোত্তীর্ণ ওষুধ সাধারণ ওষুধের সঙ্গে না রেখে আলাদা নির্ধারিত বক্সে সংরক্ষণের নির্দেশনা দেন। একই সঙ্গে অনুমোদনহীন ও অনিবন্ধিত ওষুধ বিক্রির বিষয়ে তাদের সতর্ক করা হয়।