শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড়ের ডিএনডি লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি লেকপাড়ের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বলে জানা গেছে।

‎স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার রাতে তপন শীল বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ‎এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।