শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহত, প্রধান আসামি নয়ন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২২, ৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহত, প্রধান আসামি নয়ন গ্রেপ্তার

প্রধান আসামি নয়ন

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত নয়ন (২৭) নারায়ণগঞ্জের আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুল (২৮) নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে নয়ন ও তার সহযোগীরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়।

একপর্যায়ে টুটুলের বুকের মাঝখানে চাকু দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটের দিকে টুটুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ ও র‌্যাব-২-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নয়নকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।