বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২১, ২৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী স্লিপার বাসের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেস স্লিপার বাসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)। রাকিবুল ও আশিক বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ইয়াবা পাওয়া যায়।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবার মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।