বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৯, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির ভেতরে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর বাড়ির আঙিনা থেকে ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার মোবারক ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ বাড়িতে গাঁজা চাষের গোপন তথ্য পেয়ে সদর কোম্পানির একটি দল অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোবারককে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে লাগানো অবস্থায় গাঁজা গাছটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-১১।

এ ঘটনায় মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।