বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৮, ১২ নভেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামীসহ মাদকসেবী ও নিয়মিত মামলার মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

 গ্রেপ্তারকৃত ১৮ জনের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং মাদক সেবনের দায়ে ১২ জন রয়েছেন।
​বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন, পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। 

পুলিশ জানায়, আসাদ সরকার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদ সরকারের ছোট ভাই এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ওই ইউনিয়নের সক্রিয় সদস্য। অন্যদিকে, মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন।

​সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন,জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) এবং পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের তথ্যমতে, সাগর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

​এ ছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

​অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ জন হলেন,সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২) ও রুবেল (৩৮), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।

​অভিযানের বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।