মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‘মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে, বাইরে এসে দেখি বাড়ি ভাঙছে’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ২৪ নভেম্বর ২০২৬

‘মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে, বাইরে এসে দেখি বাড়ি ভাঙছে’

ফাইল ছবি

গভীর রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সুলতানা বেগম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর ৪০ বছরের বসতভিটা। মাত্র এক থেকে দুই ঘণ্টার তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো সংসার। অথচ এর কয়েক ঘণ্টা আগেই জমি নিয়ে বিরোধের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।

কান্নাজড়িত কণ্ঠে সুলতানা বেগম বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কাঁপতে শুরু করলে মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে এসে দেখি, আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। এখন আমি থাকব কোথায়? আমার সাজানো সংসার শেষ করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

তিনি আরও জানান, বাড়িটি তাঁর নানির বাড়ির সম্পত্তি ছিল। পাশাপাশি তাঁরা আরও কিছু জমি কিনেছেন। তাঁর স্বামী সন্দ্বীপ থানার সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান তিনি।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশি বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল।

সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুলতানা বেগম।

পরিবারের দাবি, সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু ওই কর্মকর্তা পরিদর্শন করে চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতের আঁধারে বুলডোজার দিয়ে তাঁদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’