ফাইল ছবি
নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকারকে বিভিন্নভাবে হয়রানি, অর্থ আত্মসাৎ, অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন কমিটি।
শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের দেওভোগ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি কেন্দ্রীয় নেতা শওকত আলী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার সরকারসহ ৩৫ জন নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বিজয় দাস কাব্য অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে সংগঠনের সহসভাপতি তিলোত্তমা দাসের সঙ্গে প্রদীপ কুমার সরকারের মুঠোফোনে কথা কাটাকাটি হয়। এ সময় তাঁকে মারধর ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তী সময়ে ফোনে আরও হুমকি দেওয়া এবং কথোপকথন রেকর্ড করে রাখার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সংগঠনের পদ-পদবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং বিভিন্ন সময়ে অর্থ লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রায় দেড় বছর আগে মিথ্যা আশ্বাস দিয়ে প্রদীপ কুমার সরকারকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি পদে অধিষ্ঠিত করার কথা জানান শিপন সরকার। এ পদ দেওয়ার আশ্বাসে তিনি ২০, ২৫ ও ৩০ হাজার টাকা করে নেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ অক্টোবর প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন কমিটির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ ঘটে। ওই কমিটি শারদীয় দুর্গাপূজায় জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতা করে। তবে পরবর্তী সময়ে সংগঠনের সভাপতি ও নেতৃবৃন্দকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে লাগানো শুভেচ্ছা পোস্টার বিকৃত করার অভিযোগও করা হয়। এ বিষয়ে ১০ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ গীতা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ কুমার সরকারকে নারায়ণগঞ্জ জেলা গীতা পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি লোকনাথ গীতা শিক্ষালয় নামে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী গীতা শিক্ষা গ্রহণ করছে।
এদিকে তাঁকে জেলা গীতা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহলে চাপ সৃষ্টি এবং সাংগঠনিকভাবে অপমান করার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।
বিজয় দাস কাব্য আরও অভিযোগ করেন, প্রদীপ কুমার সরকারকে বিভিন্ন সময়ে অর্থনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সিকদার শাহজালাল ফোন দিয়ে প্রদীপ কুমার সরকার কে জানান তিলোত্তমা দাস নামে একজন মহিলা ওনার বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন। এমন ঘটনা মিথ্যাচার বলে পুলিশকে জানান তিনি। অচিরেই তিলোত্তমা দাসসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসব ঘটনায় সংগঠনের সভাপতি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন কমিটি একটি অরাজনৈতিক সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন। সংগঠনের উদ্দেশ্য ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। কোনো ধরনের হয়রানি, প্রতারণা কিংবা অন্যায়ের শিকার হয়ে সংগঠনের নেতৃবৃন্দ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

