রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩১, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা আক্তার (২৬), শাহীনের ভাই সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। শাহীন ও সাহেদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

স্থানীয়দের ভাষ্য, রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও ফ্ল্যাটের চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে গ্যাস সরবরাহ চালু হলে বন্ধ দরজা-জানালা দিয়ে বাতাস চলাচল না করায় গ্যাস ঘরের ভেতরে জমে যায়। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করতেই মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে আসবাবপত্রে।

বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফ্ল্যাট থেকে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রথমে তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাইজারের সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্ল্যাটে গ্যাস প্রবেশ করেনি। পরে সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস ঘরের ভেতরে জমে যায়। সকালে চুলা জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে। এতে এক নারী ও তিন পুরুষ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।