ফাইল ছবি
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে। এখানে অনেক অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছি।
বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি বেশ আশাহত হয়েছি। নয়টায় অফিস খোলার কথা থাকলেও একজন এসেছেন পৌনে দশটায় আরেকজন দশটার পরে। এ ব্যাপারে বিধি অনুসারে ব্যাবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের জনগণ কর্তৃক নির্বাচিত একটি জনগণের সরকার। চেয়ারে বসার সাথে সাথে আমাদের ঘোষণা ছিল দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে।
তিনি বলেন, এখানে কিছু অনিয়ম আছে। সবচেয়ে বড় কথা ভূমি অফিসের সেবাদানকারীদের সাথে সেবা গ্রহীতাদের ব্যাপক গ্যাপ কাজ করছে। তারা ঠিকমত বলছেন না কোন কাজে কতদিন সময় লাগতে পারে। আমলাতান্ত্রিক মনোভাব এখনও বিরাজমান। জনগণের সাথে সম্পর্কটা গড়ে উঠছে না৷ আমরা এগুলো দেখবো।
তিনি আরও বলেন, বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন দিন আমরা পরিদর্শনে যাব। আমাদের এই আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

