বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাফুফের পাশে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৮, ৪ মার্চ ২০২৬

বাফুফের পাশে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস

ফাইল ছবি

নারায়ণগঞ্জকে বলা যায় বাংলাদেশের ফুটবলের খনি। ঝাঁকে ঝাঁকে ফুটবলার উঠে আসেন প্রাচ্যের এই ডান্ডি থেকে। যেখানে মিলে আবার অনেক রত্নও। সেই পাকিস্তান আমলে আলাউদ্দিন খান থেকে শুরু করে চুন্নু, এমিলি, মুন্না, গাউস, জাকির, সুজন, নজরুল, পারভেজ থেকে শুরু করে বর্তমানে জাতীয় দলের অধিনায়ক তপু বর্মনের ঠিকানা হলো নারায়ণগঞ্জ।

সেই ধারা রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)। বাফুফের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় নারায়ণগঞ্জে বিভিন্ন খেলার মাঠ বাছাই করে তারা বাফুফের কাছে হস্তান্তর করবে। বাফুফে সেই সব মাঠগুলোকে খেলার উপযোগী করে তুলবে। 

আজ বাফুফে ভবনে এ নিয়ে দুই পক্ষের মাঝে চুক্তি স্বাক্ষর হয়। বাফুফের পক্ষে সহসভাপতি ফাওয়াদ করিম এবং এনসিসিআইয়ের পক্ষে সভাপতি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের কার্য নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস, কামরুল হাসান হিলটন এনসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল মামুন।

মোস্তাফিজুর রহমান দিপু বলেন, ‘ফুটবলে নারায়ণগঞ্জের ঐতিহ্য অনেক দিনের। আমরা বাফুফের সঙ্গে যে চুক্তি করেছি, এর মাধ্যমে আগামীতে আরও বেশি সংখ্যক ফুটবলার ঢাকার বিভিন্ন লিগে যাতে খেলতে পারে, আমরা সেই পদক্ষেপ নেব। তৃণমূল ফুটবলে আমরা কাজ করব। দীর্ঘদিন নারায়ণগঞ্জের লিগ হয় না। লিগ যাতে দ্রুত শুরু করা যায় আমরা সে পদক্ষেপ নেব।’

ফাওয়াদ করিম বলেন, ‘নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এভাবে এগিয়ে আসাতে আমরা তাদের ধন্যবাদ জানাই। তারা আমাদের কিছু মাঠ দেবেন। আমরা সেসব মাঠ পরিদর্শনে যাব। সেখান থেকে আমরা যেগুলো সিলেক্ট করব, সেগুলোকে আমরা খেলার উপযোগী করে তুলব।’