ফাইল ছবি
সোনারগাঁওয়ের গোয়ালদিতে অবস্থিত এক গম্বুজবিশিষ্ট মসজিদটি মধ্যযুগীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে (১৪৯৪-১৫১৯) এটি নির্মিত হয়। ঐতিহ্যবাহী পানাম নগরীর পাশেই এর অবস্থান।
মসজিদটির কেন্দ্রীয় মিহরাব কালো পাথরে খোদাই করা নকশায় সজ্জিত এবং পার্শ্ববর্তী মিহরাবগুলো পোড়ামাটির জ্যামিতিক নকশায় শোভিত। দেয়ালগুলো ১.৬১ মিটার প্রশস্ত এবং চার কোণায় সুলতানি রীতির খিলান-স্তম্ভ রয়েছে। ১৯৭৫ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এই মসজিদটি সোনারগাঁওয়ের অন্যতম প্রধান আকর্ষণ।

