অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি। সেটা আমার জন্য না, নগরবাসীর জন্য। আমরা বেতন নেই। সেই টাকায় আমাদের সংসার চলে। যারা আমাদের ট্যাক্স দিয়ে এ দায়িত্বে পাঠিয়েছে আমাদেরও তাদের প্রতি দায়িত্ব আছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহর পঁচা দুর্গন্ধে ভরে গেছে। তারেক রহমানের নির্দেশনা হল নারায়ণগঞ্জকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। সেই ক্লিন ও গ্রীন সিটি গড়ে তোলার মূল কারিগর আপনারা। আপনারা কাজ করলে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে এ নারায়ণগঞ্জ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, আপনারা সরকারের চাকরি করেন। সরকারি চাকুরি যারা করে তাদের আট ঘন্টা ডিউটি। কিন্তু সিটি করপোরেশনে এর আগে যারা ছিল তারা সদয় হয়ে আপনাদের চার ঘন্টা ডিউটি করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেটা আইন অনুযায়ী সঠিক নয়। তবুও আমরা এটা চার ঘন্টাই রাখবো। তবে চার ঘন্টায় আমাদের আট ঘন্টার কাজ করে দিতে হবে।
তিনি বলেন, আপনারা এখানে ৫৪২ জন পরিচ্ছন্নতা কর্মী আছেন৷ আমি আগেই বলছি মানুষের সুস্থতা-অসুস্থতা থাকে। আপনাদের সমস্যা থাকলে দরখাস্ত দিয়ে জানাবেন। তারপর ছুটি মঞ্জুর হলে ছুটিতে যাবেন। আপনাদের মূল কাজ চার ঘন্টা। আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। আপনাদের সকল বিপদে আপদে আমি থাকবো। আমি চাই আপনারা আমাদের কাজ দক্ষতার সাথে করবেন। যে কাজ করবে তার সাথে আমার ও সিটি করপোরেশনে সম্পর্ক, যে কাজ করবে না তার সাথে আমার ও সিটির কোন সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমি কিন্তু আপনাদের কাজ তদারকি করবো। তদারকিতে গিয়ে গাফলতি পেলে ছাঁটাই করা হবে। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবেন না।

