মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ৩ মার্চ ২০২৬

ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেফতার ২

ফাইল ছবি

ফতুল্লার মাসদাইর গুদারাঘাটে কারগার থেকে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন (৩৯) নামে এক যুবককে হত্যার ঘটনায় মাদকসহ রায়হান ও সেতু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

সোমবার (৩ মার্চ) দুপুর পৌনে ৩ টায় মাসদাইরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মো. রায়হান ওরফে ডিপজল (২৮) পশ্চিম মাসদাইরের মো. শাহাদাতের ছেলে এবং মো. সেতু (১৯) দেওভোগ পশ্চিম নগর এলাকার মো. বকুলের ছেলে। গ্রেপ্তারের সময় রায়হানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। তার বিরুদ্ধে ইতোপূর্বে হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। 

বিকেলে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়। 

র‌্যাব জানায়, দীর্ঘদিন কারাভোগের পর গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন মাসদাইরের ওমর খৈয়ামের ছেলে ইমন। এর কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। ইমন সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের পিতা ওমর খৈয়ামের অভিযোগ, ফেরদৌস তাঁর ছেলেকে জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন।

রায়হান ও সেতুকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।