ফাইল ছবি
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলার গলাচিপা এলাকার কলেজ রোডে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের প্রধান লক্ষ্য ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাহিদ কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত তার চারজন সহযোগীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র।
আটককৃতরা হলেন মোঃ দিদার (৫৫), সান্তো (২৪), মোঃ রিয়াজ (২৭) ও মোঃ রিফাত (২৬)।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক জাহিদকে গ্রেপ্তারের জন্য অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

