ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। ল'ইয়ার্স কাউন্সিল নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমার এই বিজয় প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষ পরিবর্তন চায় বলেই আমাদের দলকে না চিনলেও আমাকে ভোট দিয়ে জয়ী করেছে।"
নারায়ণগঞ্জের ইমেজ সংকট নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, "আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা। এই কলঙ্ক মুছতে আমাদের কাজ করতে হবে। আইনজীবীরা এগিয়ে আসলে এখানে ভালো কিছু সম্ভব। আইনের শাসন কায়েম হলে নারায়ণগঞ্জের উন্নয়ন হবে এবং নাগরিকদের মর্যাদা রক্ষা পাবে। যেকোনো ভালো কাজে আমাকে পাশে পাবেন, তবে খারাপ কাজে সাথে থাকার প্রয়োজন নেই।"
মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "রমজান হলো হেদায়েতের মাস। কোরআন মানুষকে সহজ ও সুষ্পষ্ট পথ দেখায়। কোরআনের আইন বিজয়ী হলে এবং নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে দেশে আর চাঁদাবাজি থাকবে না। জাকাত ভিত্তিক সমাজ হলে বেকারত্ব দূর হবে।" তিনি আরও বলেন, মানুষ এখন প্রকৃত আইনের শাসন চায় এবং ইসলামের আইন জয়ী হলে সকল ধর্মের মানুষ সুফল পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, সেক্রেটারি এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং পেশাগত জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ল'ইয়ার্স কাউন্সিল ও জামায়াতে ইসলামী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি এডভোকেট মোঃ মাইন উদ্দিন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি এডভোকেট ইসরাফিল হোসেন।
উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজ মোল্লা, নারায়ণগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট জাকির এবং এডভোকেট ওমর ফারুকসহ ল'ইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

