প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর পরকীয়া সংক্রান্ত ঝগড়ার পর স্ত্রী নাদিয়া (২১) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এটিকে হত্যাকান্ড বলে অভিযোগ তুলেছে। অপরদিকে পুলিশ বলছে, নিহতের লাশ তার পিত্রালয়ে শোবার ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার মেঘনা বেষ্টিত কারাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায়। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছ।
নিহতের মামা সাগর জানান, আমার ভাগনি নাদিয়ার বিয়ে হয় পার্শ্ববর্তী হাজিরটেক গ্রামের বাহর আলীর পুত্র আর্দশ আলীর সঙ্গে। তাদের একটি কন্যা সন্তান আছে। গত কয়েকদিন ধরে নাদিয়ার স্বামী আর্দশ আলী অন্য কোন মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত বলে তাদের মধ্যে দাম্পত্য কলহ হয়। ফলে আমার ভাগনি রাগ করে তার পিতার বাড়ীতে চলে আসে। ঘটনার সময় নাদিয়ার বাবা-মাসহ পরিবারের সবাই বাড়ীতে না থাকা অবস্থায় স্বামীর সাথে তার মোবাইলে ঝগড়া হয়। এরপর স্বামী আর্দশ আলী নাদিয়ার পিত্রালয়ে এসে তাকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে নেওয়ারকালে সে মারা যায়। পরে লাশ রেখে স্বামী পালিয়ে যায়।
এদিকে নাদিয়ার লাশ উদ্ধারকারী কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ কামরুল জানান, লাশটি নিহতের শোবার ঘরের মেঝে থেকে শোয়া অবস্থায় উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘরের আড়ার সাথে বাঁধা একটি ওড়না দেখতে পাওয়া যায়। ময়না তদন্তের রিপোর্টের উপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ঘটনার পর স্বামী আর্দশ আলী এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

