অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগে শহরে উত্তর মেরু দক্ষিণ মেরু ছিল। মেয়র এমপির টানাটানি আমাদের মধ্যে নেই। আমরা সবাই চাই নারায়ণগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়ন।
বুধবার (৪ মার্চ) লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূন্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের হাজার বছরের ঐতিহ্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। এই দৃষ্টান্ত আমরা নারায়ণগঞ্জে স্থাপন করতে চাই। আমরা অতীতেও যেমন করেছি। সামনেও আমরা এই দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
এটা শুধু নারায়ণগঞ্জের অনুষ্ঠান না। এটি বিশ্বব্যাপী অনুষ্ঠান। এটি নারায়ণগঞ্জের একটি ঐতিহ্য। আমাদের এমপি মহোদয় পদক্ষেপ নিবে, আমি তাদের সাথে থাকব।
এর আগে সরকার ১২২ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিল। এখানে বিদেশিদের জন্য পৃথক ব্যাবস্থা থাকবে, এখানে সুন্দর পর্যটন কেন্দ্র থাকবে। সেরকম একটি ব্যাবস্থার কথা আমরা শুনেছি। কিন্তু সেটা আলোর মুখ দেখেনি।
আমি এবং এমপি আমরা দুই ভাই মিলে প্রশাসনকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই কর্মসূচিটি যেন সুন্দরভাবে হয় সেই ব্যাবস্থা করব।
আমি কয়েকদিন প্রশাসকের দায়িত্ব পেয়েছি। তারা বলত মুসলমানদের মডেল মসজিদ আছে আমাদের হিন্দু ভাইদের তো মডেল মন্দির নেই। এই মন্দির আমি নারায়ণগঞ্জে অন্তত একটি করে দিব। সেজন্য আমি নির্দেশ দিয়েছি এবং হিন্দু সম্প্রদায়কে বলেছি আপনারা জায়গা দিন।
ঐতিহ্যবাহী জিউস পুকুরকে পার্কের মত করে প্রজেক্ট করার জন্য ব্যাবস্থা করছি। আপনারা যেন সেখানে গোসল করতে পারেন, সেটা যেন আরও সুন্দর হয় সেই ব্যাবস্থা আমরা করতে চাই।

