শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খেলাধুলাই হোক মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দান, সাবদীতে ভাই ভাই টার্ফ জোনের উদ্বোধনে আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলাই হোক মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দান, সাবদীতে ভাই ভাই টার্ফ জোনের উদ্বোধনে আশা

মিনি স্টেডিয়াম বা টার্ফ জোনটির শুভ উদ্বোধন

‎নারায়ণগঞ্জের বন্দরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবদী এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘ভাই ভাই টার্ফ জোন’। 

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব এক অনাড়ম্বর ও আনন্দঘন পরিবেশে এই মিনি স্টেডিয়াম বা টার্ফ জোনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

‎অনুষ্ঠানের শুরুতে টার্ফ জোনের স্বত্বাধিকারী জহিরুল, নজরুল ও রফিকুল ইসলাম প্রধান অতিথি আবুল কাউছার আশা, থানার ওসিসহ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামানকে ফুল ও ক্রেস্ট দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, খেলাধুলাই হোক মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দান। তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং একটি সুন্দর জীবন গড়তে ও সমাজ থেকে মাদক নির্মূলে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

‎এ সময় এলাকার মাদকের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাবদী এলাকায় মাদকের হটস্পট, এখানে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি হবে নাকি আপনাদের সংখ্যা? সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে, তবেই এই এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধ করা সম্ভব

‎আলোচনা সভা শেষে ফিতা কেটে ‘ভাই ভাই টার্ফ জোন’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহের প্রধান৷ 

‎এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।