শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ উদ্বোধন করলেন মাসুদুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ উদ্বোধন করলেন মাসুদুজ্জামান

দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন

নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা ফতুল্লার তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। মধ্যাহ্নভোজে নারায়ণগঞ্জ মহানগরের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন মহল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ এবং মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হয়েছে। অসহায় মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা তাদের পারিবারিকভাবে দীর্ঘদিনের বলেও জানান তিনি।

মাসুদুজ্জামান বলেন, প্রায় ১৮ বছর আগে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে প্রয়োজনীয় সব দলিল প্রস্তুত করে জমা দেওয়া হয়েছিল। সে সময় ‘মোস্তফা’ নাম ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে নামটির বিষয়ে আপত্তি জানানো হলেও তিনি ‘ডিয়ার মোস্তফা’ নামেই ফাউন্ডেশন করার বিষয়ে অনড় ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে এই নামেই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের এই যাত্রাপথে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের উৎসাহ ও প্রেরণাই দীর্ঘ সময় ধৈর্য ধরে কাজটি এগিয়ে নিতে তাকে সহযোগিতা করেছে। ভবিষ্যতে পরিবারের পরবর্তী প্রজন্ম ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফাউন্ডেশনের নামকরণের বিষয়ে মাসুদুজ্জামান বলেন, নবীজি (স.)-কে স্নেহ ও সম্মানের সঙ্গে ‘প্রিয় মোস্তফা’ নামে ডাকা হতো। সেই নামের প্রতি আগ্রহ থেকেই ‘ডিয়ার মোস্তফা’ নামটি বেছে নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, দুর্যোগ ও জরুরি সহায়তাসহ মানবিক সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল এবং সাংবাদিক ও সংগঠক শরীফুদ্দি সবুজ।

পরে ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর উদ্যোগকে স্বাগত জানান এবং অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।