প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং কর্মী-সমর্থকদের কার্যক্রমে মুখরিত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। দলীয় প্রতীকের বিধান না থাকায় সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই মাঠে নেমে পড়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় এবং নামাজ আদায়সহ নাগরিক সমস্যা নিরসনে প্রতিশ্রুতির মাধ্যমে নির্বাচনী মাঠ গোছাতে শুরু করেছেন।
আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও একই কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও প্রার্থীরা নিজেদের কৌশল অনুযায়ী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আলোচিত এই প্রার্থীদের সবাই দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হয়েছেন।
তবে প্রচারণার পাশাপাশি প্রার্থীদের বিগত দিনের রাজনৈতিক ভূমিকা ও বক্তব্য নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মহিউদ্দিন শিশির উচ্চশিক্ষিত। ফ্যাসিস্ট সরকারের আমলে সে ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সব কিছু হারিয়েছে। বর্তমানে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল তিনিও ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হয়ে বাড়ি ছাড়া হয়েছে। তিনি জানিয়েছেন দল যদি চায় আমি অবশ্যই নির্বাচন করব।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আওয়ামীলীগের শাসন আমলে আমি অনেকবার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হয়েছি। আমার ওয়ার্ডবাসী চায় আমি যেন চেয়ারম্যান পদে নির্বাচন করি। দলের হাইকমান্ড জনপ্রিয়তা যাচাই করে আমাকে সর্মর্থন করলে আমি অবশ্যই নির্বাচন করে কলাগাছিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলব।
সব মিলিয়ে কলাগাছিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নির্ভর করবে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণের ওপর।

