ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়েছে। একই অভিযানে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিককে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মো: হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

