প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৩০০ ফিট এলাকায় এ মিছিল করা হয়। মিছিলের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একদল যুবক হঠাৎ ৩০০ ফিট এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। কিছুক্ষণ সড়কে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে একই দিন রূপগঞ্জের গোলাকান্দাইল বেরিবাঁধ এলাকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আরেকটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে ৩০০ ফিট সড়কে পুলিশের অভিযান পরিচালনার খবরও পাওয়া গেছে। ট্রাফিক শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। রাত সোয়া ১টা পর্যন্ত অভিযানে ছয়জনকে আটক এবং তাদের কাছ থেকে তিন বোতল হুইস্কি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

