বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল আমিন ধমকায়, যুবায়ের ইট খুলতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আল আমিন ধমকায়, যুবায়ের ইট খুলতে চায়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। একদিকে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে, অন্যদিকে থানার ভেতরে দাঁড়িয়ে ‘লাশের বদলে লাশ’ নেওয়া এবং ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার। 

একই ঘটনায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শককে ফোনে কড়া ভাষায় সতর্ক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন যুবাইর সরদার। তার বক্তব্যের ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এনসিপির নেতাকর্মীরাই পোস্ট করেছেন। এতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেব।’

এ সময় তাকে উত্তেজিত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়। থানার ভেতরে দাঁড়িয়ে এমন হুমকির বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ওই সময় তিনি নিজের কক্ষে ছিলেন। যুবাইরের বক্তব্য তিনি শুনেছেন কি না, জানতে চাইলে ওসি বলেন, এ ধরনের বক্তব্য কেউ দিয়েছেন কি না, তা তিনি শোনেননি। তবে কেউ এমন কথা বলে থাকলে তা দায়িত্বশীল আচরণ নয়। দায়িত্বশীল পদে থেকে থানার ভেতরে এভাবে বক্তব্য দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওসি আরও বলেন, এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে একই ঘটনার সূত্র ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে নৌপুলিশকে সতর্ক করেছেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হককে মোবাইল ফোনে তিনি বলেন, ‘এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’ ফোনালাপের ভিডিওতেও এমপিকে নৌপুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাটি কাটার কমিশন নেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়।

ভিডিওতে আল আমিন বলেন, ‘শোনেন, আপনার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযান আছে—এই সব ফাইজলামি বাদ দেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মাটি কাটার কমিশন খান আপনি।’ পরে তিনি বলেন, ‘অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কাল থেকে যেন কোনো মাটি কাটা না হয়। এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’

কথোপকথনের অপর প্রান্তের ব্যক্তির বক্তব্য ভিডিওতে শোনা যায়নি। তবে তার কথার জবাবে এমপিকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমরা দেখতে চাই এটা।’ এরপর তিনি নদীপথে চলাচলকারীদের মাটি কাটার বিষয়টি দেখার কথা উল্লেখ করে বলেন, ‘যতগুলো লোক নদী পার হয়, তারা দেখতাছে মাটি কাটতাছে। আপনারা ঘুমান, এটা যাতে না হয়।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হক বলেন, মঙ্গলবার বিকালে সংসদ সদস্য নদীতে অবৈধভাবে চলা ‘গ্রাফি’ বন্ধের বিষয়ে ফোন করেছিলেন। তার ভাষ্য, নদীতে মাঝেমধ্যে বিশেষ যন্ত্র ব্যবহার করে গোপনে মাটি কাটার কাজ চলত। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয়, সে বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। আমিনুল হক জানান, তিনি নিজেও নদীতে অভিযান চালাচ্ছেন এবং কোনো গ্রাফি যাতে নদীতে চলতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনাটি ঘটে সোমবার রাত আটটার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায়। তিনি এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক। এনসিপির নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালান।

হামলার পর এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় গিয়ে অবস্থান নেন। তারা থানার সামনে মিছিল করেন এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগও তোলেন তারা। পরে রাতে থানায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, যিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব।

এ ঘটনায় জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, নজরুলসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে মামলা হওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাহবুব আলম।

এনসিপির নেতাদের দাবি, তাওহীদুল ইসলাম বক্তাবলী ও আশপাশের এলাকায় অবৈধ মাটি কাটা এবং ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সেই প্রতিবাদের জেরেই তার ওপর হামলা হয়েছে বলে তারা মনে করছেন। তবে হামলার অভিযোগ ও এর পেছনের কারণ তদন্তে পুলিশের বক্তব্য এবং অভিযুক্তদের পক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।