ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সদস্য ক্রীড়াবিদ মো. সোহেল সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের ক্রীড়াঙ্গন আরও দ্রুত এগিয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে নানা প্রতিযোগিতা ও টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করার তাগিদ দেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে অ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সদস্য মো. সোহেল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

