বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সরেজমিনে তদন্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সরেজমিনে তদন্ত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে আনা বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সরেজমিনে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ তদন্ত করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খান।

তদন্তকালে অভিযোগকারীদের লিখিত ও মৌখিক অভিযোগ গ্রহণ এবং তাদের বক্তব্য নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগের পক্ষে উপস্থাপিত বিভিন্ন তথ্য-প্রমাণও পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা।

আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সাতজন পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ দাখিল করেন। এ ছাড়া অভিযোগগুলো নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

বিআরডিবি সদর দপ্তরের ২৮ সেপ্টেম্বরের স্মারকের মাধ্যমে এসব অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক মো. রাহাত খানকে। এর পরিপ্রেক্ষিতে বুধবার তিনি আড়াইহাজারে এসে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

তদন্ত শেষে অভিযোগগুলোর বিষয়ে বিআরডিবি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে বিআরডিবির ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মোঃ রাহাত খান জানান, এখনও তদন্ত চলমার রয়েছে। আমরা এখানে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।