মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মান্নানের সহযোগিতায় সংস্কার হচ্ছে জাদুঘরে আসার প্রধান সড়ক, স্বস্তিতে দর্শনার্থী ও এলাকাবাসী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৯, ৬ অক্টোবর ২০২৬

মান্নানের সহযোগিতায় সংস্কার হচ্ছে জাদুঘরে আসার প্রধান সড়ক, স্বস্তিতে দর্শনার্থী ও এলাকাবাসী 

ফাইল ছবি

অবশেষে অবসান হতে চলেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরবাসী ও দেশের দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তির। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর) ১ নম্বর গেট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কটির সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সড়কটি নতুন রূপ পেতে যাচ্ছে, যা নিয়ে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।

​নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বেসরকারি অর্থায়নে সড়কটির দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সোনারগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আফরাজ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হারুন অর রশিদের উপস্থিতিতে কাজের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

​ঐতিহাসিক সোনারগাঁয়ের এই সড়কটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র 'বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর'-এ যাতায়াতের প্রধান মাধ্যম। 

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন আসা হাজারো দর্শনার্থী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের দাবি ও জাতীয় গুরুত্ব বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ নজরদারিতে দ্রুততম সময়ে সড়কটির নির্মাণ ও সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

​উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা জানান, সড়কটির সংস্কার কাজ সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন পর্যটক ও স্থানীয় নাগরিকরা নিরবচ্ছিন্ন যাতায়াত সুবিধা পান। কাজের গুণগত মান নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।