ফাইল ছবি
সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের নারগিস আক্তার (৩৫)। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে গত সোমবার (৫ অক্টোবর) রাতে আড়াইহাজার বাজারের বেসরকারি প্রবাসী কল্যাণ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, রক্তক্ষরণ শুরু হওয়ার পরও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
নারগিসের স্বজনেরা বলছেন, এটি তাঁর পঞ্চম সন্তান। এর আগে চার সন্তানই স্বাভাবিকভাবে জন্ম হয়েছিল। তবে এবার সন্তান প্রসবের আগে জটিলতার আশঙ্কায় তাঁকে সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল।
পরিবারের দাবি, সেই পরামর্শ অনুযায়ী সিজার না করে হাসপাতালে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়।
সন্তান প্রসবের পরই নারগিসের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে জানান স্বজনেরা।
তাঁদের অভিযোগ, রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কয়েক ঘণ্টা সময় চলে যায়। এর মধ্যে তাঁর রক্তচাপ কমে যায়। পরে প্রায় ছয় ঘণ্টার মধ্যে তিনি মারা যান।
নারগিসের স্বামী মিন্নত আলীর অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমার স্ত্রীর চিকিৎসায় অবহেলা করা হয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে চাপ প্রয়োগ করে আমাকে মামলা না করার জন্য বলা হয়েছে।’
তবে চিকিৎসায় কোনো গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন প্রবাসী কল্যাণ হাসপাতালের চেয়ারম্যান হরজত আলী।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের চিকিৎসক জাজভীন হাসান কেয়া ও নার্স আরিফা রোগীর চিকিৎসাসেবায় ছিলেন। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না এবং তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

