ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১১ নম্বর সেক্টর সংলগ্ন একটি ঝোপ থেকে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাবেয়া খাতুন ভোলা সদর উপজেলার বাসিন্দা এবং সামসুউদ্দিনের স্ত্রী। তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। তবে তিনি কোন বাসায় কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ ও তার পরিবার।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় তার মুখে কাপড় গোঁজা অবস্থায় ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই হারুন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

