শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিজয়োল্লাসে আনন্দ মিছিল করবে না বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়োল্লাসে আনন্দ মিছিল করবে না বিএনপি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও কোনো ধরনের আনন্দ মিছিল বা বিজয় সভা না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়োল্লাসের পরিবর্তে দলটি দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ই নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি।

তবে এ উপলক্ষে দলের পক্ষ থেকে কোনো ধরনের আনন্দ মিছিল কিংবা জনসভা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা করার জন্য সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এ দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।