বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মান্নান ভোট দিবেন প্রতাবের চর কেন্দ্রে, ইকবাল উটমা কেন্দ্রে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মান্নান ভোট দিবেন প্রতাবের চর কেন্দ্রে, ইকবাল উটমা কেন্দ্রে

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থীদের ভোট প্রদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণের দিন নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত প্রতাবের চর ভোটকেন্দ্রে তার ভোট দেবেন। তিনি কেন্দ্র-১ এর নতুন ভবনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে আগেই যোগাযোগ রেখে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল করিম ভূঁইয়া উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত উটমা ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন।

এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস গোদনাইল এলাকার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্র-১ এ তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ওই কেন্দ্রের দক্ষিণ পাশের ছয়তলা ভবনে ভোট দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনকে ঘিরে সোনারগাঁ এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। ভোটের শেষ সময়ে প্রার্থীরা গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।

স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারার প্রত্যাশা করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ফলে এবারের নির্বাচনেও এই আসনের ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর রয়েছে।