ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থীদের ভোট প্রদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোটের দিন নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ে স্থাপিত পাঁচরুখী ভোটকেন্দ্রে তার ভোট প্রদান করবেন। তিনি ওই এলাকার নিয়মিত ভোটার হিসেবে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান খান ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ইলমদী ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বান্টি এলাকার বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন। একই কেন্দ্রে সিপিবির প্রার্থী মো. হাফিজুল ইসলামও তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচনকে ঘিরে আড়াইহাজার উপজেলায় রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। প্রার্থীরা শেষ সময় পর্যন্ত ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আহ্বান জানাচ্ছেন। বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা হয়েছে।
স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই আশা করছেন, নির্বিঘ্ন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনটি বরাবরের মতো এবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফলে ভোটগ্রহণের দিন প্রার্থীদের উপস্থিতি ও ভোটের চিত্র ঘিরে স্থানীয় ও রাজনৈতিক মহলে বিশেষ নজর থাকবে।

