মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
নির্বাচনী দায়িত্ব পালনে আইনের কোনো ব্যত্যয় ঘটলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলার সাতটি থানা এলাকার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার বলেন, ভোটের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই শান্ত পরিবেশ বজায় রাখতে নির্বাচনী দায়িত্ব পালনে আরও সক্রিয়, দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।
পুলিশ সুপার বলেন, জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি ও ১১টি স্ট্যান্ডবাই পার্টি দায়িত্ব পালন করবে। সাতটি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা সার্বিক তদারকি করবেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি আরও বলেন, জেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে, যা নির্বাচনকালীন কার্যক্রম পর্যবেক্ষণে সহায়ক হবে।
বক্তব্যের শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশ সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

