সোমবার, ২২ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: ডিসি রায়হান কবির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩০, ২৩ এপ্রিল ২০২৬

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: ডিসি রায়হান কবির

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বাংলা প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ১৭৭ জন শিক্ষার্থীর বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলা হয়েছে। বোর্ড জানিয়েছে, তারা চেষ্টা করছে যাতে অন্য পরীক্ষার্থীদের মতো কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ড একটি নির্ধারিত ফরম্যাটে আশ্বস্ত করেছে যে, এসব শিক্ষার্থীর সঙ্গে কোনো অবিচার হবে না। “পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এখানে তাদের কোনো দোষ নেই,”—বলেন ডিসি।

এ সময় তিনি পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষণ ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কেন্দ্রসচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার পুরো সময়জুড়ে জেলার সব কেন্দ্রেই প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।