মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জন ঘিরে বাস চলাচলে বিধিনিষেধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১১, ২০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জন ঘিরে বাস চলাচলে বিধিনিষেধ

প্রতীকী ছবি

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার বাসের চলাচলে বিধিনিষেধ কার্যকর হবে। পাশাপাশি বিসর্জন শোভাযাত্রার জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ এবং কয়েকটি সড়কে একমুখী যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুর ২টার পর আঞ্চলিক ও দূরপাল্লার বাস চাঁদমারী মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এ মোড় অতিক্রম করে কোনো বাস মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কের দিকে যেতে পারবে না। বাস রাখার জন্যও বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। বাস টার্মিনালের আঞ্চলিক বাস এবং মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাস হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করা যাবে।

এদিকে নিতাইগঞ্জ এলাকা থেকে পণ্যবাহী যানবাহন চলাচলেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।

বিসর্জন শোভাযাত্রার চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন এলাকার জন্য তিনটি পথ নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে পৌঁছাবে। নিতাইগঞ্জ ও টানবাজারের শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু পেরিয়ে ২ নম্বর রেলগেট দিয়ে ঘাটে যাবে। অন্যদিকে বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রাকে মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে যেতে হবে।

বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে। এ ক্ষেত্রে ঘাট থেকে মাওয়া হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত সড়কে যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল মোড় থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে কোনো যানবাহন যেতে পারবে না।

এ ছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারমুখী সড়কে একমুখী চলাচল কার্যকর থাকবে। নির্ধারিত পথে চলাচলের সময় বিপরীত দিক দিয়ে যানবাহন প্রবেশ করতে পারবে না।

শহরের চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল, গলাচিপা মোড় ও মণ্ডলপাড়া সেতু এলাকায় ছয় আসনের বড় আকারের অটোরিকশার ইউটার্ন ব্যবস্থা চালু রাখবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। উৎসবের শোভাযাত্রা ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।