কুমারি পূজা
নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে পূজা করা হয় এবং অর্ঘ্য প্রদান করা হয়।
কুমারি পূজায় অংশ নিতে আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা নারায়ণগঞ্জে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় এবছর কুমারীর আসনে বসেছেন শ্রেয়সী ভট্টাচার্য। তার বয়স ৬ বছর ৬ মাস ১৮ দিন। শ্রেয়সী ভট্টাচার্য শহরের গলাচিপা এলাকার ডা: সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের মেয়ে। তার গোত্র ভরদ্বাজ (ব্রাহ্মণ)।
রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ জানান, নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। তাকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। এজন্যেই কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়।
তিনি আরও বলেন, প্রতিবছরই আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এখানে আসেন কুমারি পূজায় অংশ নিতে। এবারও তারা এসেছেন। উৎসবমুখর পরিবেশেই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

