ফাইল ছবি
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১ হাজার ৪৮১টি ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে আটজন মাদক ব্যবসায়ী, ২৬ জন মাদকসেবী, ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন চোর, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার পাঁচ আসামি এবং অন্যান্য ধারায় আটজন রয়েছেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৩০টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৫০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সাতজন মাদকসেবী ও আটজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৩০১টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৬ জন মাদকসেবী ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ দুই মাদকসেবী ও অন্যান্য ধারায় পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একজন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য ধারায় দুজন এবং আড়াইহাজার থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের হিসাব অনুযায়ী, অভিযানে মোট ১ হাজার ৪৮১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

