ফাইল ছবি
টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে নেই পানীয় জল। স্তব্ধ রান্নাবান্না ও দৈনন্দিন গৃহস্থালি কাজ, চরম সংকটে শিশু ও বয়স্করা। ওয়াসার পানির পাম্প নষ্ট হয়ে সৃষ্টি হওয়া এই তীব্র সংকট মোকাবিলায় সিটি কর্পোরেশন ও ওয়াসার দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ই অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসা পানির পাম্পটি অকেজো হয়ে পড়ে। পাম্প নষ্ট হওয়ার পর ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও তা মেরামতে কার্যকর কোনো উদ্যোগ চোখ পড়েনি। ফলে পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে পুরো এলাকা জুড়ে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, পানি সংকটের বিষয়টি জানানোর পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেবলই মিলছে "কাজ চলছে, দ্রুত পানি আসবে"—এমন মুখে মুখে আশ্বাস। তবে বাস্তবে পানির পাম্প মেরামতে বিন্দুমাত্র তৎপরতা দেখা যায়নি।
বিকল্প হিসেবে জরুরি পানির গাড়ি (ওয়াটার ট্যাংকার) পাঠানোর অনুরোধ জানালেও মিলছে অজুহাত। ২৪ নম্বর ওয়ার্ড সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষ সমস্যাটি সমাধান করবে। তবে বর্তমানে শহরে শারদীয় দুর্গাপূজা চলায় এবং পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণে ব্যস্ত থাকায় পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানানো হয়।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন— "লক্ষাধিক মানুষের মৌলিক সুবিধা যেখানে বন্ধ, সেখানে বিকল্প ব্যবস্থা না করে উৎসবের অজুহাত দেওয়া কতটা যুক্তিযুক্ত? সিটি কর্পোরেশন নিয়মিত কর ও ট্যাক্স নিলেও জনগণের এই চরম দুর্ভোগে তাদের কোনো দায়বদ্ধতা দেখা যাচ্ছে না।"
এমনকি দুর্ভোগের খবর জানাতে ও দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিতে ওয়াসা ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোনে যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন রিসিভ করছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে নষ্ট পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ পুনর্প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি পাম্প চালু না হওয়া পর্যন্ত অনতিবিলম্বে বিকল্প ওয়াটার ট্যাংকারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জোর দাবি জানিয়েছেন নবীগঞ্জবাসী।
তবে সার্বিক পরিস্থিতি ও পাম্প মেরামতের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের জানান, "আজকে রাতেই নবীগঞ্জ ওয়াসার নষ্ট পাম্পটি মেরামত কাজ সম্পন্ন করা হবে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই এলাকাবাসী স্বাভাবিক পানি সরবরাহ ফিরে পাবেন।"

