বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হরিজন কলোনিতে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) (নবমী) বিকেল ৩টায় কলোনির দুর্গামণ্ডপে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর খোরশেদের উদ্যোগে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ ও নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর পাঁচ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে এ বস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্যসচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রেইবো নেশন’ ধারণার মাধ্যমে দীর্ঘদিনের সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনের অবসান ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য দুই ঈদে বোনাসের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের জন্য তারেক রহমানকে হরিজন সম্প্রদায়ের প্রকৃত বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।
হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করে খোরশেদ বলেন, সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাঁর বক্তব্যে তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হরিজন শিশুদের জন্য প্রথম বিনা মূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন, মহিউদ্দিন শুভ ও শামীম আহম্মেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

