যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মহানগর যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের অধিকাংশকে মুখে মাস্ক পরা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে শতাধিক নেতাকর্মীকে সড়কে অবস্থান নিয়ে মিছিল করতে দেখা যায়।
ভিডিওতে মিছিলকারীদের ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে অংশগ্রহণকারীদের অধিকাংশই মাস্ক পরিহিত থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রগুলো দাবি করছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের একটি অংশ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অনুসারী। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, মিছিলের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল না।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “বিষয়টি আমাদের নজরে আসেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।”
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, “সকাল থেকে কাঁচপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমার থানার আওতাভুক্ত অংশে কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।”
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি আমরা যাচাই করছি। অনেক সময় পুরোনো ভিডিওও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়ানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

