মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৫, ২৩ জুন ২০২৬

রূপগঞ্জে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ডাকাত গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত দুটি এয়ার কম্প্রেসার মেশিন ও দুটি পানির পাম্প উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার নিউ শহিদ লেইন এলাকার মৃত সামছুল আলমের ছেলে মো. মুরাদ (৩০) এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সর্বাতুলী এলাকার মো. নাসিরের ছেলে মো. রাসেল (৩২)। বর্তমানে তিনি পাহাড়তলী থানার শহিদ লেইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এর আগে গত ১২ জুন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার বরাবো বাজার এলাকায় অবস্থিত নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রতিষ্ঠানের ১৮ থেকে ২০ জন কর্মচারীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিনিধি ঢাকার পল্টন এলাকার ইকবাল হায়দার চৌধুরীর ছেলে মো. ইরফান হায়দার চৌধুরী (৪৫) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী ও আকবরশাহ থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দখল থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি এয়ার কম্প্রেসার মেশিন ও দুটি পানির পাম্প উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনার পরপরই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে সফলতা পাওয়া গেছে এবং লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।