ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে জালে ভারী একটি বস্তু আটকে যায়। পরে জাল টেনে ওপরে তুললে তারা একটি শর্টগান দেখতে পান।
বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে। পরে জব্দ তালিকা প্রস্তুত করে শর্টগানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শর্টগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

