প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহত ব্যক্তি প্রায় ২৭ বছর বয়সী একজন মুসলিম পুরুষ বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিনদিন আগে যেকোনোভাবে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

