ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন দপ্তরের ছয়টি সিলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত জয়নালের ছেলে রাশেদ (৪৩), ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল্লাহ তানহা (৩৯) এবং দক্ষিণ শিয়াচর এলাকার মোশারফ বেপারী ওরফে মোসা বেপারীর ছেলে মো. মহসিন বেপারী (৩২)।
পুলিশ জানায়, ফতুল্লা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত আসামি রাশেদের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ছয়টি সিল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার করা সিলগুলোর মধ্যে রয়েছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারি পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সিল।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

