শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে লাখো মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৫, ৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে লাখো মানুষের ঢল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একসময় বর্ষা এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হতো। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত নদী-খাল-বিল। তবে সময়ের সঙ্গে জলাশয় ভরাট ও বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে ওঠায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ।

দীর্ঘ ১৫ বছর পর আবারও নৌকা বাইচের আয়োজন করেছে কাঞ্চন পৌর বিএনপি। এ আয়োজনকে ঘিরে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। নৌকা তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। নেমেছে লাখো মানুষের ঢল। কেউ নদীর তীরে অবস্থান নিয়েছেন, আবার কেউ নৌকায় করে নদীতে ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশগ্রহণ করছে। আকর্ষণীয় পুরস্কার হিসেবে রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে।

দর্শকরা জানান, দীর্ঘ ১৫ বছর পর দূর-দূরান্ত থেকে তারা নৌকা বাইচ দেখতে এসেছেন। এমন আয়োজন দেখে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়, সেই দাবি জানান তারা।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।