মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ১০ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ২৭৮টি ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমিহীন ও অসহায় মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এসব ঘর নির্মাণ করা হলেও অভিযোগ রয়েছে, অনেক ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। আবার কিছু ঘর স্বচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিরা বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন। ফলে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষ সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

আশ্রয়ণ প্রকল্পের সভাপতি রুহুল আমিন জানান, প্রকল্পের প্রায় ৬১টি ঘর খালি পড়ে থাকে। এ ছাড়া প্রায় ৪০টি ঘর ভাড়া দিয়ে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা অন্যত্র চলে গেছেন। তাঁরা প্রতিমাসে ভাড়া আদায় করতে আসেন। বাকি ঘরগুলো দরিদ্র ও অসহায় নির্মাণশ্রমিকসহ নিম্নআয়ের মানুষ পেয়েছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে প্রকৃত ভূমিহীনদের অগ্রাধিকার দেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। অনেক অসহায় মানুষ থাকার জায়গা না পেলেও কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ঘরে বসবাস না করে ভাড়া দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় বাসিন্দা রহিম বলেন, সরকারি ঘর পাওয়ার কথা যাঁদের জমি ও বাড়ি নেই, তাঁদের। কিন্তু অনেক স্বচ্ছল ব্যক্তি ঘর পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রকৃত গরিব ও অসহায় মানুষ এখনো আবাসনের জন্য কষ্ট করছেন। তাই ঘরগুলো যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয়দের আরও অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিক ঘর বরাদ্দ পেয়েছেন। তাঁদের কারও কারও নিজস্ব দুই থেকে তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি ঘর নিয়েছেন। পরে এসব ঘর অন্য এলাকার মানুষের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়াদের মধ্যে কেউ কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় আশ্রয়ণ প্রকল্প এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তিনি নিজে পরিদর্শন করবেন। যাচাই-বাছাই করে যাঁরা ঘর পাওয়ার যোগ্য, তাঁদের কাছে ঘর হস্তান্তরের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেবেন।

সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল লক্ষ্য ভূমিহীন ও অসহায় মানুষের আবাসন নিশ্চিত করা। তাই প্রকল্পের ঘর বরাদ্দে স্বচ্ছতা ফিরিয়ে আনা, অনিয়মের অভিযোগ তদন্ত এবং প্রকৃত সুবিধাভোগীদের আবাসন নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।