ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে। অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে।
তিনি বলেন, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়েছিল, সেটি ইন্টেরিয়র ডিজাইনে সাজানো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভবনের অন্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া আতঙ্কে দ্রুত নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান জানান, আগুন লাগার সময় শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় তাদের ভবন থেকে বের করে আনা হয়।
অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষ পুড়ে যায়। অসুস্থ ও আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

