ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন, তিনি যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন—এজন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে। একই সঙ্গে জনগণের যে আস্থা ও বিশ্বাস বিএনপির নেতাকর্মীদের ওপর রয়েছে, তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও আমাদের রয়েছে।”
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাশুকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান ফ্যাসিবাদ, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার পরও দেশে নতুন করে যে ধরনের অস্থিরতা ও নৈরাজ্যের পরিবেশ তৈরি হচ্ছে, তা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “নিরীহ মানুষের ওপর হামলা, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা ও অগ্নিসংযোগের সংস্কৃতি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রই নতুনভাবে মানুষের সামনে ফুটে উঠছে।”
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাজিব বলেন, সাধারণ কোনো নিরীহ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের ভালোবাসা ও বিএনপির নেতাকর্মীদের ওপর মানুষের যে আস্থা রয়েছে, তা অক্ষুণ্ন রাখার জন্য সাংগঠনিক দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, “আমাদের মহান নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই এ পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে। তাই বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপতৎপরতা রুখে দিতে সবাইকে কাজ করতে হবে।”
মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

