মিলাদ মাহফিল ও দোয়া
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের গোদনাইল মসজিদে মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে এতিমখানার শিশুদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। তিনি দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করেছেন। তাঁর পিতা স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং এ দেশের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মা এ দেশের গণতন্ত্রের জন্য অনেক লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগ করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
তিনি বলেন, “তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন। আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন এ দেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে পারেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি যেন একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা সবাইকে নিয়ে আজ দোয়া করেছি। তিনি যেন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন—এ জন্য আপনারা সবাই দোয়া করবেন।”
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, , মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, এড. শাহীন, আশিকুর রহমান অনি, বাদশা মিয়াসহ মহানগর যুবদলের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

